মা কে উৎসর্গ করে রাকিবের প্লাটিলেট দান

শেয়ার করুন:

আলহামদুলিল্লাহ।

আজ ২৩তম প্লাটিলেট দান সম্পন্ন করলাম।

আজকের এই ভালোবাসার দানটি উৎসর্গ করলাম আমার প্রিয় আম্মাকে—সেই মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাওয়া আমার গর্ভধারিণী মায়ের নামে।

মা…
একটি ছোট্ট শব্দ, অথচ যার গভীরতা পৃথিবীর কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।
যার দোয়া, ভালোবাসা, মমতা আর ত্যাগ ছাড়া আজ আমি কিছুই হতে পারতাম না।
যিনি আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন, নিজের জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে আমাকে আগলে রেখেছেন।

আজ মা আমার পাশে নেই।
তবুও তাঁর শেখানো মানবতার পথ, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আর ভালোবাসার আদর্শ বুকে ধারণ করে পথ চলার চেষ্টা করি।

হে আল্লাহ, আমার আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
তাঁর কবরকে প্রশস্ত করুন, নূরে ভরিয়ে দিন এবং কবরের সব কষ্ট থেকে তাঁকে হেফাজত করুন।
হাশরের ময়দানে যেন আমি তাঁর সন্তান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি—এই দোয়া করি।

দুনিয়ায় যতটুকু ভালো কাজ করার সুযোগ পাই, তার সওয়াব যেন আমার মায়ের আমলনামায় পৌঁছে যায়।
আমার প্রতিটি রক্তের ফোঁটা যেন তাঁর জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়।

 আজ যে মায়ের জন্য রক্তের এই ভালোবাসা, তিনিও একজন গর্ভবতী মা। তিনি বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর গর্ভের সন্তানটিও মায়ের সঙ্গে এই কঠিন লড়াইয়ের মধ্যে আছে। 

সবার কাছে বিনীত অনুরোধ—দয়া করে মা ও তাঁর অনাগত সন্তানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।
আল্লাহ যেন এই মাকে এবং তাঁর সন্তানকে পূর্ণ সুস্থতা দান করেন, সব বিপদ থেকে হেফাজত করেন এবং তাঁদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন। আমিন।

ভালোবাসা দান

হোল ব্লাড — ১৪তম
লাল রক্ত — ৫০ মি.লি. × ২ বার
প্লাটিলেট — ২৩তম
সর্বমোট ভালোবাসার দান — ৩৯তম

মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না…
মা পৃথিবীতে না থাকলেও তাঁর ভালোবাসা সন্তানের হৃদয়ে বেঁচে থাকে আজীবন।

আমি শুধু সেই অসীম ভালোবাসার সামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা করি।

-রাকিব হাসান।

৩০ সেপ্টেম্বর, ২০২৬


শেয়ার করুন:

Facebook Comments